কিছু প্রেম ছিল নীরব চোখেরই ভাষায়
শব্দেরা জাল বুনেছিল আনমনে,
মুহূর্তেরা দাঁড়িয়ে ছিল একা,
তুমি তখন ব্যস্ত সেলফোনে।
কিছু কষ্টেরা বুকেই বাঁধে বাসা
অভিধানে যার লেখা নেই কোনও মানে
তোমার দুঃখ ফেসবুক জুড়ে রাখা,
আমার কষ্ট মেহেদী হাসান জানে।
ঘুম ভেঙে যাওয়া কোনও এক মাঝরাতে
ফেলে আসা কতো কবিতারা মনে পড়ে।
ফোনের আলোয় রঙিন তোমার মুখ,
আমার চোখে যোৎস্না ভর করে।
কথায় কথায় বাড়লে কথা বুঝি,
কতটা ছিল নির্জনতার মানে।
আঙুলে যখন শব্দের প্রশ্রয়,
না বলা গল্প ডিলিট বটন জানে।
রাত্রি যখন লিখে যায় ইতিহাস
স্বপ্ন দাঁড়ায় একা ল্যাম্পপোস্ট সেজে,
নিয়ন জানে মন খারাপের হিসেব,
ইচ্ছেগুলো একা বৃষ্টি ভেজে।
চোখ পুড়ে যাক শহরজোড়া আলোয়
মফস্বলেই জোনাক জ্বলুক সুখে।
রাগ বিদ্বেষ ফেসবুকে রয়ে যাক,
প্রেম জমা থাক তোমার আমার বুকে।



No comments